বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ দল। এ সময় প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার চম্পকনগর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তাঁকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।

অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাজারের জয় লোকনাথ মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করতে দেখা যায়। মিষ্টি তৈরির পরিবেশ ও খাদ্যের মান নিয়েও অসংগতি পাওয়া যায়। দোকানমালিক অভিযোগের সত্যতা স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার মুচলেকা দেন। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৫০ কেজি খাওয়ার অনুপযোগী মিষ্টি ও জিলাপি ধ্বংস করা হয়।

অভিযানের সময় বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও তল্লাশি চালানো হয়। মূল্যতালিকা প্রদর্শন না করায় দুটি মুদিদোকানকে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন