ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানার এসআই মাসুম বেল্লা, পিএসআই বিল্লাল হোসাইন, এএসআই মফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপুতা এলাকায় শান্তি নামের এক ব্যক্তির বাড়িতে সংঘটিত স্বর্ণ ও মোবাইল চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন। এ সময় মামলার চার আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা উপজেলার গোড়পাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে শিমুল (২২), ইয়ানুরের ছেলে ইমন (১৯), রশিদুলের ছেলে নয়ন (২০) এবং কোটচাঁদপুর উপজেলার রাঙ্গিয়ারপোতা এলাকার লিয়ামিন ওরফে সুরুজ (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য আলামত উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনছারউল্লা হক বলেন, ‘চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।’