প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে ফটিকছড়িতে প্রস্তুতি জোরদার

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম

আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরের কর্মসূচিকে সামনে রেখে ফটিকছড়িতে প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নির্ধারিত হেলিপ্যাড ও অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

সকালে তারা ফটিকছড়ির পাইন্দং সিএনবি মাঠে নির্মাণাধীন হেলিপ্যাড এবং সম্ভাব্য অনুষ্ঠানস্থল আল-জামেয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করেন।

এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের চলমান প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা এবং সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম সম্ভাব্য সফর উপলক্ষে গৃহীত প্রস্তুতি, ভেন্যু ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিভাগীয় কমিশনার ও ডিআইজিকে অবহিত করেন।

এ সময় নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, যানবাহন চলাচল, অতিথি ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। সফর উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক আজিজ, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আলম খানসহ বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

হেলিপ্যাড ও অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন। সেখানে তাকে স্বাগত জানান গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (সা.) ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ভারপ্রাপ্ত সভাপতি হযরত শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী।

পরে তিনি দরবার শরীফের বিভিন্ন পবিত্র রওজা জিয়ারত করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

MCH/AHA
আরও পড়ুন