শৈলকুপায় কৃষকের মাঝে পেঁয়াজের বীজ বিতরণ

ঝিনাইদহের শৈলকুপায় গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা সহায়তা প্রদানের লক্ষ্যে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজের বীজ,সার ও পলিথিন বিতরণ করা হয়েছে। 

শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) আনিসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিলন ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরিফুজ্জামান বলেন,‘সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ,সার ও পলিথিন প্রদান করা হয়েছে। এ সহায়তার মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণ,উৎপাদন বৃদ্ধি,কৃষকের উৎপাদন ব্যয় কমানো এবং দেশের পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষি উপকরণের পাশাপাশি কৃষকদের সব ধরণের পরামর্শ দেওয়া হবে।’