মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আজকের পর থেকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে কোনো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর ঠাঁই হবে না। তাদের সামাজিকভাবে প্রতিহত করে এলাকা থেকে বিতাড়িত করতে হবে। মাদকবিরোধী প্রতিরোধ গড়ে তুলতে ভয় পেলে রাজনীতি বা দল করার প্রয়োজন নেই।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে এ সমাবেশের আয়োজন করা হয়।
রাশেদ খান বলেন, মাদকের ভয়াবহতা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। পরিবার থেকে শুরু করে সমাজের প্রত্যেক মানুষকে এ দায়িত্ব নিতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি বন্ধ করতে হবে। এসব বিষয়ে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও অকারণে কিংবা দায়িত্বহীনভাবে একাধিক বিয়ে করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের চলমান জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গ্যাস ও জ্বালানি তেলের বর্তমান সংকট একটি জাতীয় সমস্যা। তবে ধীরে ধীরে এ সংকট কেটে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি, চিকিৎসক ডা. নুরুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান।
এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়ামুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বায়োগ্যাসে বদলে যাচ্ছে নন্নীর গ্রামীণ জীবন
যুদ্ধ শুরু করুন, তাহলে বিধ্বংসী জবাবের মুখোমুখি হতে হবে: মোহসেন রেজায়ি