বাগেরহাটের মোংলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন শিকদার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে শহরের সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন শিকদার মোংলার সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা কাঞ্চনের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার (১৬ আগস্ট) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শিপনের ভগ্নী শাপলা তুলতে একই এলাকার একটি মাছের ঘেরে যায়। এ সময় মাছ দেওয়ার কথা বলে সুমন শিকদার তাকে ঘেরের বেড়িবাঁধের দিকে ডেকে নিয়ে যায়। সেখানে নিয়ে সুমন কিশোরীকে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি দেখায় সে। পরে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মামী বিষয়টি জানতে চান। একপর্যায়ে শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কিশোরী তার কাছে ঘটনাটি জানায়। এরপর তার মামা শিপন বাদী হয়ে শুক্রবার বিকেলে মোংলা থানায় মামলা করেন।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে শুক্রবার বিকেলেই অভিযুক্ত সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।