শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার পাঁচগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে আগের মাদকসংক্রান্ত মামলার তথ্য পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচগাঁও এলাকার মমতাজ আলীর ছেলে জুয়েল রানা (২৮), দক্ষিণ রাণীগাঁও এলাকার আজিজুল হকের ছেলে মুছা মিয়া (২৫), ডহরিয়াপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে কাউছার আলী (৩০) এবং একই এলাকার জুলহাস উদ্দিনের ছেলে রিয়াদ হাসান (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চারজনকে আটক করা হয়। পরে তাঁদের তল্লাশি করে কাগজে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে পিসি/পিআর ও সিডিএমএস যাচাই করা হয়। এতে জুয়েল রানার বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে আটটি মামলা এবং কাউছার আলীর বিরুদ্ধে চার কেজি গাঁজাসংক্রান্ত একটি মামলার তথ্য পাওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে ডিবি পুলিশের অভিযান নিয়মিত চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেলো সাড়ে ৭ টন চাল