পার্কের মধ্যে খেলার মাঠ তৈরীর প্রতিবাদে মানববন্ধন 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিবনগর গ্রামে ডিসি ইকোপার্কের মধ্যে খেলার মাঠ নির্মান বন্ধের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও ওয়াইল্ড লাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভ সংগঠন। 

মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ  জেলা প্রশাসক লুৎফুন নাহারের নিকট স্মারকলিপি  প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, চুয়াডাঙ্গা অন্যতম নিদর্শন ও ঐতিহ্য শিবনগর ডিসি ইকোপার্ক। পার্কের ভেতর খেলার মাঠ স্থাপন করার জন্য কিছু মানুষ চেষ্টা করছেন।  কিন্তু পার্কে বর্তমানে  অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও বন্যপ্রাণী আছে।  অসংখ্য দর্শনার্থী এখানে আসেন মানসিক প্রশান্তির জন্য। যদি এখানে খেলার মাঠ হয় তবে এখানকার জীববৈচিত্র‍্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমরা কেউ খেলার বিপক্ষে নয়।  তরুণ ও যুবকদের জন্য খেলার বিকল্প আর কিছুই হতে পারে না, কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস করে খেলার মাঠ স্হাপন ঠিক নয়। খেলার মাঠটি বিকল্প স্থানে হওয়া দরকার।

স্মারকলিপি পেয়ে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, আমরা পরিবেশ রক্ষায় কাজ করবো।  সেই সাথে খেলার জন্যও ব্যবস্থা করবো। ইকোপার্কের মধ্যে কোন অবস্থায় খেলার মাঠ স্থাপন করতে দিবো না। অন্যত্র খেলার মাঠ স্থাপন করার জন্য কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, চুয়াডাঙ্গা বড় সলুয়া নিউ ডিগ্রী কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি আহসান হাবিব শিপলু, মোফাজ্জল হোসেন, সাকিল আহমেদ, রুহিন আলীসহ সংগঠনের সদস্যরা ও সুশীল ব্যক্তিবর্গ।