ঘোড়া ও গরুর গাড়িতে আসলো বরযাত্রী, পালকিতে নববধূ

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০১:০০ পিএম

আধুনিক বিয়ের জাঁকজমকের বাইরে গিয়ে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ফিরিয়ে আনল মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামের একটি বিয়ে। ঘোড়ায় চড়ে বর, মহিষ ও গরুর গাড়িতে বরযাত্রী এবং বিয়ের আনুষ্ঠানিকতা শেষে পালকিতে করে নববধূকে নিয়ে যাওয়ার দৃশ্য দেখতে শনিবার বিকেলে রাস্তার দুই পাশে ভিড় করেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাট গ্রামে বাঙালি সংস্কৃতির আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. বদরুল আলম লিটুর ছেলে মো. শ্রাবণের সঙ্গে পার্শ্ববর্তী টুপিপাড়ার মো. আব্দুল হালিম শেখের মেয়ে নাবিয়া ইকরার বিয়েকে স্মরণীয় করে রাখতে দুই পরিবারের যৌথ উদ্যোগে এমন আয়োজন করা হয়।

বরযাত্রীদের যাতায়াতের জন্য সাজানো হয়েছিল ১০টি গরুর গাড়ি ও পাঁচটি মহিষের গাড়ি। সানাইয়ের সুর, ঢাক-ঢোলের বাদ্যের সঙ্গে বর ঘোড়ায় চড়ে এবং বরযাত্রীরা গাড়ির বহরে করে কনের বাড়ির দিকে রওনা হলে রাস্তার দুই পাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়। শিশু-কিশোর থেকে প্রবীণ সব বয়সী মানুষ ঘর থেকে বেরিয়ে এসে আবহমান বাংলার এই আয়োজন উপভোগ করেন। এতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবপরিণীতা বধূকে ঐতিহ্যবাহী কাঠের পালকিতে তুলে বরের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

বর মো. শ্রাবণ বলেন, দীর্ঘদিনের লালিত শখ এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই দুই পরিবারের সম্মতিতে এমন আয়োজন করা হয়েছে।

কনে নাবিয়া ইকরা বলেন, ‘পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়ার একটি সুপ্ত স্বপ্ন আমার সবসময়ই ছিল। সেই স্বপ্নটি এভাবে বাস্তবে রূপ নেওয়ায় আমি ভীষণ আনন্দিত।’

বরের বাবা মো. বদরুল আলম লিটু জানান, কৃত্রিম আধুনিকতা এড়িয়ে পরিবারের সবার আন্তরিক ইচ্ছাতেই এই ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী বিয়ের পরিকল্পনা করা হয়েছিল। এমন আয়োজন পুরো গ্রামবাসীর মধ্যেও আনন্দ ছড়িয়ে দিয়েছে।

এএম
আরও পড়ুন