যশোরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ও ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা রয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ২৭ আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন ও আলোচিত যুবলীগ কর্মী রূপদিয়ার বিপুল হোসেন রয়েছেন। মোমেল হোসেনকে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে এবং বিপুল হোসেনকে রূপদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি ২৫ জন আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী।
এ ছাড়া গ্রেপ্তার অন্য ১২৮ জনের বিরুদ্ধে মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অন্যদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীসহ মোট ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, ককটেল সদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।