সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে। আর ইকবাল হোসেন পাশের কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে। ইকবাল সম্পর্কে আব্দুল্লাহর আত্মীয়। সে নানাবাড়ি বেড়াতে এসে সোনাতলা গ্রামে অবস্থান করছিল।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাজী জানান, শুক্রবার দুপুরে পরিবারের বড়রা জুমার নামাজ পড়তে মসজিদে গেলে দুই শিশু বাড়ির পাশে খেলতে বের হয়। একপর্যায়ে তারা আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। সেখানেই অসাবধানতাবশত তারা পানিতে পড়ে যায়।
পরে স্থানীয় নাহার বেগম পুকুরের পানিতে শিশু দুটিকে দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘটনার পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম পুলিশ তদারকি করছে বলে জানা গেছে।
এদিকে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সোনাতলা ও বালিয়াডাঙ্গা গ্রামের পরিবেশ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী। তিনি নিহত দুই শিশুর জন্য মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।