প্রেম করে বিয়ের এক মাস পর দম্পতির বিষপান, স্বামীর মৃত্যু

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের এক মাসের মাথায় এক দম্পতির বিষপানের ঘটনা ঘটেছে। এতে নয়ন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তার স্ত্রী বর্ষা বেগম (২২) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাঙ্গলকোট পৌর বাজারসংলগ্ন রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে। তাঁর স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নয়ন ও বর্ষার বিয়ে হয়। তবে কী কারণে তারা একসঙ্গে বিষপান করেছেন, সে বিষয়ে পরিবারের সদস্যরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি।

নিহতের ভাই সোহেল ও বোন শিরিনা আক্তার জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে বিরোধ বা সমস্যা হয়েছিল কি না, তা তাঁদের জানা নেই।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন বলেন, বিষপানের পর ওই দম্পতিকে হাসপাতালে আনা হলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে আনার পর নয়ন হোসেনের কোনো জীবনচিহ্ন পাওয়া যায়নি। বর্ষার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেন। এতে নয়ন হোসেনের মৃত্যু হয়েছে এবং তাঁর স্ত্রী চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এম.সি. এইচ
আরও পড়ুন