নড়াইলে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহেল মেম্বার ও আবেদ শেখের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আবেদ শেখের পক্ষের বাড়িঘরে হামলার অভিযোগ ওঠে সোহেল মেম্বারের অনুসারীদের বিরুদ্ধে। পরে অপর পক্ষও পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় গুলিতে রাসেল শেখ, হাসান, মতি মল্লিক, সেলিম শেখ, রাজিব গাজী, কালন শেখ ও ইস্রাফিল শিকদারসহ উভয় পক্ষের ১১ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আবেদ আলী পক্ষের শামিম শেখ অভিযোগ করে বলেন, সকালে সোহেল গ্রুপের প্রায় দেড় থেকে দুইশ লোক তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি ছোড়া হলে তাদের পক্ষের তিনজন গুলিবিদ্ধ হন।

তবে সোহেল মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, তার লোকজন তখন বাজারে অবস্থান করছিলেন। এ সময় আবেদ গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে গুলি করে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।