টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। দুর্ঘটনার পর থেকে আরও এক নারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। একই অভিযানে সাগর থেকে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নৌকাটি কী কারণে ডুবে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত দালালদের শনাক্তে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত