ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে অবৈধভাবে সার মজুদের দায়ে বিএডিসির এক সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে মজুদ করে রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়খালী বাজারে মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মজুদ করা ৩০ বস্তা টিএসপি সার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
অভিযান থেকে জরিমানা ও সার বিক্রির অর্থসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে বাজার ও ডিলারদের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।