পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার সময় ট্রলারটিতে থাকা ১৫ জেলেকে কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া এমবি মায়ের দোয়া-৬ নামের ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) আলীপুর বন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারের মাঝি মূসা জানান, শনিবার মাছ ধরার উদ্দেশ্যে আলীপুর বন্দর থেকে সাগরের দিকে রওনা হন তারা। কিছুদূর যাওয়ার পর উত্তাল সাগরের ঢেউয়ের ধাক্কায় ট্রলারের তলা বা কাঠামো ফেটে যায়। এতে ভেতরে পানি ঢুকে ট্রলারটি ডুবতে শুরু করে।
তিনি জানান, ট্রলারটি কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর দ্রুত ডুবে যায়। এ সময় কাছাকাছি থাকা একটি মাছ ধরার ট্রলারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে আসেন। পরে ওই ট্রলারের সহায়তায় ১৫ জেলেকেই নিরাপদে উদ্ধার করা হয়।
ট্রলারের মালিক মিজানুর রহমান বলেন, মাছ ধরার জন্য ট্রলারটি সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি জানতে পেরেছেন তিনি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটির অবস্থান শনাক্ত ও উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।