খুলনার আলোচিত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে ২৭ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু।
গ্রেপ্তার জয়নাল সরদারের বয়স ৫৫ বছর। তিনি বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় জয়নালের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ ছাড়া মরদেহ গুমের অভিযোগে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে ব্যর্থ হলে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই জয়নাল পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এসআরবি-৮-এর ভাষ্য, সাজা হওয়ার পর দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন জয়নাল। একপর্যায়ে পরিচয় পরিবর্তন করে ভারত ও কুয়েতেও অবস্থান করেন তিনি।
সম্প্রতি গোয়েন্দা তথ্যের মাধ্যমে দেশে তার অবস্থান সম্পর্কে তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে এসআরবি-৮ ও এসআরবি-৬-এর একটি যৌথ দল শনিবার রাতে সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, জয়নাল সরদার একটি চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।