কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার নদীপথ দিয়ে ভারতে পাচারকালে প্রায় ৯ হাজার কেজি রাসায়নিক সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানকালে পাচার কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নৌকায় বোঝাই করা ৩ হাজার ৫০০ কেজি পটাশ, ৪ হাজার কেজি টিএসপি এবং ১ হাজার ৭৫০ কেজি ডিএপি সর্বমোট ৯হাজার ২৫০ কেজি সার মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেছে।
বিজিবি কুষ্টিয়া ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিচ্ছে।