নবীনগরে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ-সার বিতরণ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে ৪ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ দেওয়া হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজন মিয়া।

বক্তারা বলেন, দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বাড়ানো প্রয়োজন। কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ ও রাসায়নিক সার দেওয়া হলে সরিষা চাষে আগ্রহ বাড়বে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি দেশের তেলবীজ উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে।

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, কৃষি উৎপাদন বাড়ানো এবং কৃষকদের লাভবান করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে। এর অংশ হিসেবে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় নবীনগরের ৪ হাজার কৃষককে সরিষার বীজ ও সার দেওয়া হচ্ছে।

কাঙ্ক্ষিত ফলন পেতে কৃষকদের সময়মতো বীজ বপন, সঠিক পরিচর্যা এবং আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন তিনি। সরিষার আবাদ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি দেশের ভোজ্যতেলের উৎপাদনও বাড়ানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন