ঝিনাইদহে এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে লাড্ডু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝিনাইদহ জেলা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু। তিনি জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো , দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলা কমিটির সাবেক আহ্বায়ক তারেক রেজার আকস্মিক পদত্যাগের পর পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডুকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়।

আলাউদ্দিন জোয়ার্দার লাড্ডু দীর্ঘদিন ধরে ঝিনাইদহের স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগো দল)-এর তৃণমূল রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তী সময়ে তিনি ঝিনাইদহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। গত বছর এনসিপি গঠিত হলে তিনি দলটিতে যোগ দেন। এরপর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।