ঝিনাইদহ জেলায় গত তিন মাসে ৯০ জন আত্মহত্যা করেছেন। চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার ছয়টি উপজেলায় গলায় ফাঁস ও বিষপানে এসব আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারীদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৬০ জন নারী। অর্থাৎ পুরুষের তুলনায় নারীর আত্মহত্যার সংখ্যা দ্বিগুণ।
মহেশপুর আরডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিন মাসে জেলায় সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলায়। এ উপজেলায় আত্মহত্যা করেছেন ২৬ জন। তাঁদের মধ্যে পাঁচজন পুরুষ ও ২১ জন নারী।
দ্বিতীয় অবস্থানে রয়েছে শৈলকুপা উপজেলা। সেখানে আত্মহত্যা করেছেন ২১ জন। তাঁদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তৃতীয় অবস্থানে থাকা মহেশপুর উপজেলায় আত্মহত্যা করেছেন ১৪ জন। এ উপজেলায় পুরুষ ও নারীর সংখ্যা সমান—সাতজন করে।
এ ছাড়া হরিণাকুণ্ডু উপজেলায় ১২ জন (পুরুষ ৪, নারী ৮), কালীগঞ্জে ১১ জন (পুরুষ ৫, নারী ৬) এবং কোটচাঁদপুরে ছয়জন (পুরুষ ২, নারী ৪) আত্মহত্যা করেছেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, মাদকাসক্তি, বেকারত্ব, মানসিক সমস্যা, পারিবারিক অশান্তি, প্রেমে ব্যর্থতা ও পরকীয়াসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ছাড়া শিক্ষার হার কম এবং বাল্যবিবাহের হার বেশি হওয়াও এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে। নারীদের আত্মহত্যার পেছনে আবেগজনিত বিষয়ও প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।
ঝিনাইদহের স্থানীয় মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী প্রধান ও মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান বলেন, আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সব সংস্থাকে সমন্বিতভাবে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসিক সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো জরুরি।
তিনি আরও জানান, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জনের কার্যালয়ের সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।