আশাশুনিতে ১৭১৭ পশু-পাখি পেলো বিনামূল্যের টিকা

প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা, সংক্রামক রোগ প্রতিরোধ এবং উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার লক্ষে সাতক্ষীরার আশাশুনিতে বিনামূল্যে টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রোজক্ট (এএসডি) এর উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গোয়ালকাঠি ও মাদারবাড়িয়া গ্রাম ১ হাজার ৭১৭টি পশু-পাখিকে এই টিকা প্রদান করা হয়। এর মধ্য ২৭০টি ছাগল, ৪৭টি ভেড়া, ১০০টি গরু, ৫৫০টি হাঁস এবং ৭৫০টি মুরগি রয়েছে।

টিকাদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- আশাশুনি উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সালাম। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের ট্রানজিশনাল ফান্ড প্রোজক্ট (এএসডি)-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান , প্রকল্পের প্রতিনিধি আসাদুল হাসান ও মো. হেদায়তুল্লাহ খান। প্রধান অতিথি বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়মিত টিকাদান গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করা হলে পশু-পাখির রোগব্যাধি ও মৃত্যুঝুঁকি কমানোর পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতি থেকেও সুরক্ষা দেওয়া সম্ভব। 

আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চল প্রাণিসম্পদ অনেক পরিবারের জীবিকা ও আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। বিশেষ করে প্রান্তিক  ও নিম্ন আয়ের পরিবার গবাদি পশু ও হাঁস-মুরগি পালন করে পারিবারিক আয় বৃদ্ধি করে এবং আর্থিক নিরাপত্তার নিশ্চিত করে। বিভিন্ন সংক্রামক রোগ ও প্রতিকূল পরিবেশের কারণে এসব প্রাণিসম্পদ প্রায়ই ঝুঁকির মুখে পড়ে। এ বাস্তবতায় বিনামূল্য টিকাদান কর্মসূচিটি স্থানীয় খামারি ও প্রান্তিক পরিবারের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। 

ফ্রেন্ডশিপের এএসডি-এর প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান বলেন ফ্রেন্ডশিপ উপকূলীয় এলাকার প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন উন্নয়নের জীবিকার সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ও জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম  বাস্তবায়ন করে আসছে এরই ধারাবাহিকতায় এই টিকাদান কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়।