ডিসি অফিস ক্যান্টিনের চালায় ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বর সংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালার ওপরে ককটেল বিস্ফোরিত হয়েছে। ৬ দিনের ব্যবধানে একই জায়গায় দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণে কেউ হতাহত না হলেও আদালতপাড়াসহ ডিসি অফিস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

রোববার (২৯ নভেম্বর) দুপুরে ক্যান্টিনের চালায় একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসকসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুরে এলাকাটি খুবই কর্মচঞ্চল ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালায় বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দাবি করেন, সেখানে ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এঘটনা ঘটিয়েছে, সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। 

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর দুর্বৃত্তরা ক্যান্টিনের চালায় ককটেল ছোড়ে। তবে সেটা বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি উদ্ধার করে পুলিশ।