পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে বিকেনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্টসহ খাবার হোটেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় সড়কে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। তাঁদের বাধার মুখে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটলে এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরিস্থিতির মধ্যে বিএনপির নেতাকর্মীরা সরে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে তাঁদের সমাবেশস্থলে ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।
ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে লোকজনকে এক্সপ্রেসওয়ে অবরোধ করতে এবং ককটেল বিস্ফোরণের পর ধোঁয়ায় এলাকা ঢেকে যেতে দেখা যায়।
এদিকে অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তবে পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অবরোধের সময় মাইকে ঘোষণা দিয়ে থানা ও টোল প্লাজায় হামলা বা ভাঙচুর না করার নির্দেশ দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে—এমন খবর পেয়ে পুলিশ সারারাত দায়িত্ব পালন করেছে। পর্যাপ্ত পুলিশ সদস্যও মোতায়েন ছিলেন।
তিনি বলেন, সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে প্রাণহানি এড়িয়ে পুলিশ তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিশ্বে বায়ুদূষণের শীর্ষে কাবুল, ঢাকার অবস্থান কত?
প্যারোলে মুক্তির আবেদন করেনি শর্মীর পরিবার: রাশেদ