আরআরআরসি-আইওএম কার্যালয়সহ কক্সবাজারে ছয় স্থানে বিস্ফোরণ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

কক্সবাজার শহরে সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণ ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে একের পর এক বিস্ফোরণের ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় লক্ষ্য করে ককটেলসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কার্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে থেকে বস্তুটি ছোড়া হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় কার্যালয়ের ফটকে দায়িত্ব পালন করছিলেন দুই নিরাপত্তারক্ষী। তাঁদের একজন জানান, হঠাৎ ডান পাশের দেয়ালের ওপার থেকে একটি ককটেল ছোড়া হলে বিকট শব্দ হয় এবং ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

এ ছাড়া একই সড়কে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়, বাণিজ্য মেলার প্রবেশপথ এবং শহরের বাহারছড়া এলাকায় অবস্থিত সিভিল সার্জনের কার্যালয় ও হিল ডাউন সার্কিট হাউস লক্ষ্য করেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান। এ সময় পুলিশ বিভিন্ন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কারা ককটেল নিক্ষেপ করে শহরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত