সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূল সংলগ্ন ঈশ্বরীপুর এলাকার একটি বসতবাড়ি থেকে ৪৫টি কাল কেউটে সাপ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বসতবাড়ী থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সীমানা প্রাচীরটি বেশ পুরাতন হওয়ায় তা ভেঙে নতুন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রোববার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্চা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেক গুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুড়ে একে একে দুটি বড় সাপ সহ মোট ৪৫ টি সাপ উদ্ধার করতে সক্ষম হন।
নাঈম আরও জানান, সাপ গুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
শ্যামনগর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, সাপ দেখতে বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয় বন বিভাগের কাছে দেওয়ার কথা বলা হয়েছে।