মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়লো ঝলমল সিনেমা হলসহ ২০ দোকান

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, অগ্নিকাণ্ডে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশের এলপিজি সিলিন্ডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাতের পর অল্প সময়ের মধ্যেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা অনেক মালামাল নিরাপদে সরিয়ে নিতে পারেননি।

স্থানীয়ভাবে জানা গেছে, পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র ছিল। অগ্নিকাণ্ডে সিনেমা হলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মালিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।