প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা

জামালপুরের বকশীগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আশিক মাহমুদ (২৫) পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী তাঁকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

পরে দুপুর ১টার দিকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে মুক্তি পান আশিক। বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার সীমারপাড় ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জানাজায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বাবার জন্য উপস্থিত সবার কাছে ক্ষমা ও দোয়া চান আশিক। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

এর আগে গত বৃহস্পতিবার পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার হন আশিক মাহমুদ। তিনি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

আশিক গ্রেপ্তার হওয়ার পর তার বাবা চিক্কু মিয়া অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় মারা যান তিনি।