সীমান্ত দিয়ে ভারতে ফেরার চেষ্টা, ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে ফেরার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা মিশনের পূর্বদিকে ফেকামারী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অভিযান পরিচালনা করে। পরে রাতে আটক ব্যক্তিদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), তাদের সন্তান আকিব, নুরজাহান খাতুন, সাকিব হাসান শেখ (২) ও রাকিব হাসান (৮)। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে বিজিবি। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।