হরমুজ প্রণালিতে ইরানের কৌশলগত অবস্থান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের প্রচেষ্টাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশ্লেষকদের আশঙ্কা, ইরানের তেলবাহী জাহাজ আটকানোর যেকোনো চেষ্টা বড় ধরনের সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও।
২১ নভেম্বর প্রকাশিত প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের ক্রমবর্ধমান কৌশলগত প্রভাব, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ এবং পশ্চিম এশিয়ার পরিবর্তিত শক্তির ভারসাম্য নিয়ে আলোচনা করেছেন পশ্চিম এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ সায়েব শাথ ও রাজনৈতিক ভাষ্যকার ক্লাইভ মেনজিস।
সায়েব শাথের মতে, গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করার সক্ষমতা ইরানের জন্য প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে।
তিনি বলেন, ট্যাংকারের বিমা ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ওয়াশিংটনের প্রচেষ্টা আঞ্চলিক মিত্রদের ওপর বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।
পশ্চিম এশিয়াবিষয়ক এই বিশেষজ্ঞের দাবি, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে অবরোধের পথ বেছে নিয়েছে। তবে কয়েক দশকের নিষেধাজ্ঞা ইরানের অর্থনৈতিক সহনশীলতা ও অভ্যন্তরীণ উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে। ফলে মার্কিন চাপ অব্যাহত থাকলেও তা মোকাবিলার সামর্থ্য তৈরি হয়েছে দেশটির।
সায়েব শাথ আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের তেলবাহী জাহাজ জব্দ করার চেষ্টা করে, তাহলে তার জবাব শুধু তাৎক্ষণিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং এর পরিণতি আরও বিস্তৃত হতে পারে।
অন্যদিকে ক্লাইভ মেনজিসের মতে, এই অচলাবস্থা বিদ্যমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক ব্যবস্থার গভীর সংকটের প্রতিফলন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‘সবকিছুই প্রভাব বিস্তারের সক্ষমতার ওপর নির্ভরশীল’—এমন মন্তব্য করে তিনি বলেন, ঐতিহ্যগত প্রভাব ধরে রাখতে যুক্তরাষ্ট্র ক্রমেই কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।
তিনি সতর্ক করে বলেন, পাল্টাপাল্টি হুমকি, বারবার উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধবিরতির প্রচেষ্টা চলতে থাকলে পরিস্থিতি আরও বড় সংকটে রূপ নিতে পারে।
দুই বিশ্লেষকই মনে করেন, এই সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক নিরাপত্তায় সীমাবদ্ধ থাকবে না। বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার ভবিষ্যৎও এর সঙ্গে জড়িয়ে রয়েছে।
তাঁদের আলোচনায় মূলত উঠে এসেছে—ইরানের ওপর মার্কিন চাপ প্রয়োগের সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে তেহরানের কৌশলগত অবস্থানের ক্রমবর্ধমান গুরুত্ব।
সূত্র: প্রেস টিভি, ২১ নভেম্বর ২০২৬।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ৪টি রাফায়েল যুদ্ধবিমান পাচ্ছে না ভারত
ট্রাম্পের সঙ্গে সংসার জীবন নিয়ে মুখ খুললেন মেলানিয়া