শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে, মদ ও মোবাইল ফোন।
সোমবার (২৩ নভেম্বর) শ্রীবরদী উপজেলার রাজাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এসব পণ্যের সিজার মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা।
এর আগে রোববার (২২ নভেম্বর) ঝিনাইগাতী উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও মোবাইল ফোন জব্দ করে বিজিবি। এসব পণ্যের সিজার মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। দুই অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক নির্মূলে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।