বেনাপোলসহ যশোর সীমান্তে বিজিবির নজরদারি-টহল জোরদার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

বেনাপোলসহ যশোরের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পারাপার ও চোরাচালান ঠেকাতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কতা জোরদারের পাশাপাশি টহলও বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা চেয়েছেন বিজিবি অধিনায়ক। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয় জনগণের সঙ্গে তথ্য আদান-প্রদান বাড়ানো গেলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।

এমইউ
আরও পড়ুন