শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার পানিহাতা গারোপাড়া সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে গারোপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন ধরনের ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দ ওষুধের সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।
লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২