শেখ হাসিনা ফেরার গুঞ্জন

জামালপুর সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় বিএনপি নেতাকর্মীরা

১৬ ডিসেম্বরকে ঘিরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের মধ্যে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আটটি দলে বিভক্ত হয়ে বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে সীমান্তের বিভিন্ন এলাকায় পাহারা দিচ্ছেন তাঁরা। সেখানে বিজিবির সদস্যদের পাশাপাশি অবস্থান করছেন দলটির নেতাকর্মীরা।

সম্প্রতি নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দেন। ওই চিঠিতে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে কামালপুর সীমান্ত বিবেচনার অনুরোধ জানান তিনি।

এ চিঠিকে ঘিরে সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা বিশৃঙ্খলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সবুজ মিয়া বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে দেবেন না। অবৈধভাবে কাউকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোশারফ হোসেন বলেন, ছানু গতকাল খোলা চিঠিতে শেখ হাসিনাকে কামালপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার কথা বলেছেন। এ ছাড়া সীমান্তে আওয়ামী লীগের লোকজন এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন বলে তাঁরা গুঞ্জন শুনেছেন। তিনি বলেন, এই পথ দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ কারণে ধানুয়া কামালপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিজিবির পাশাপাশি সীমান্তে পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে ধানুয়া কামালপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল হালিম বলেন, সীমান্তে বিজিবি নিয়মিত দায়িত্ব পালন ও পাহারা দিয়ে আসছে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নজরদারি ও নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছেন তাঁরা।