জয়পুরহাট সদরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ জুন) ভোররাতে সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার এসআই আনোয়ার হোসেন।
মৃত বন্দনা রানী (২৬) ওই এলাকার রাজকুমারের স্ত্রী। আটক রাজকুমারের বাবার নাম শ্রী বাবুল।
বন্দনা রানীর বড় বোন স্বাধনার দাবি, বিয়ের পর থেকে রাজকুমার একাধিক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত।
‘পরকীয়ার জেরেই আমার বোনকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই’, বলেন তিনি।
তবে হত্যার অভিযোগ অস্বীকার করে রাজকুমারের বাবা বাবুল বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি হয়েছে, তবে তাকে হত্যা করা হয়নি। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
সদর থানার এসআই আনোয়ার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযোগের সত্যতা যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।