আখের উৎপাদন ও গুণগত মান বাড়াতে উন্নত জাতের বিশুদ্ধ বীজ ব্যবহার, আগাম রোপণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। ২০২৬-২০২৭ রোপণ মৌসুম সামনে রেখে আখচাষিদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সোমবার (৯ নভেম্বর) জয়পুরহাট চিনিকলের অধীন পাঁচবিবি সাবজোনের মহীপুর কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আগাম আখ চাষ, রোপা পদ্ধতিতে আখ রোপণ, বিশুদ্ধ ও রোগমুক্ত বীজের ব্যবহার, জমিতে দণ্ডায়মান আখের পরিচর্যা এবং মাড়াই মৌসুমে পরিষ্কার আখ চিনিকলে সরবরাহের বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক (নন-মিলজোন এলাকা, ঢাকা) কৃষিবিদ মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ডিএম (সিপি) লিটন কুমার মণ্ডল।
আখচাষি মো. আরিফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মহীপুর কেন্দ্রের সভাপতি মো. একরামুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া আখ চাষের সমস্যা, সম্ভাবনা ও উৎপাদন বাড়ানোর কৌশল নিয়ে বক্তব্য দেন আখচাষি মো. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, আখের উৎপাদন ও গুণগত মান বাড়াতে নির্ধারিত সময়ে আগাম রোপণ, বিশুদ্ধ ও রোগমুক্ত বীজের ব্যবহার এবং জমির যথাযথ পরিচর্যা জরুরি। একই সঙ্গে চিনিকলের মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ময়লা-আবর্জনামুক্ত আখ সরবরাহে কৃষকদের সচেতন হতে হবে।
সভায় বক্তারা বলেন, আখ চাষ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানো গেলে চিনিকলের কাঁচামালের সংকট কমানো এবং চিনিশিল্পের উন্নয়ন সম্ভব। এ জন্য চিনিকল কর্তৃপক্ষ ও আখচাষিদের মধ্যে যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় বাড়াতে হবে।
টঙ্গীতে শিক্ষার্থীকে গরম আয়রনের ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
ইরানের সঙ্গে আল-শাইব সীমান্ত খুলছে ইরাক, বন্ধ হচ্ছে মানদালি