বগুড়ায় নারী ও শিশুদের জন্য বিশেষ বাস সার্ভিস

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হচ্ছে বিশেষ বাস

বগুড়ায় নারী ও শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ দুটি বাস সার্ভিস চালু করা হচ্ছে। ইতোমধ্যে বাস দুটি বগুড়া বিআরটিসি ডিপোতে পৌঁছেছে। এসব বাসের চালক, সুপারভাইজারসহ সকল কর্মীই হবেন নারী।

নারীদের প্রতি সম্মান প্রদর্শন এবং গণপরিবহনে তাদের নিরাপত্তা জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা যায়, চলতি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই বগুড়া শহরে বাসগুলো নিয়মিত চলাচল শুরু করবে। নতুন এই বাস সার্ভিসের সুনির্দিষ্ট রুট এবং ভাড়া সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

বিআরটিসির বগুড়া ডিপো ম্যানেজার শাহিনুল ইসলাম জানান, ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে বাস চলাচলের রুট এবং ভাড়া সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হবে। নির্দেশনা পেলেই বাস দুটি সড়কে নেমে পড়বে।