বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে হামলায় শিবিরের র‍্যালি পণ্ড

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ‘অদম্য জুলাই’ নামে  ক্যাম্পাসে র‍্যালি বের করে ছাত্রশিবির। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে পৌঁছালে ‘ছাত্রদলের হামলায়’ তা পণ্ড হয়ে যায়। র‍্যালি থেকে কয়েকজন ‘বহিরাগত’কে ধরে এনে মারধর করেন ছাত্রদল কর্মীরা। এ সময় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে সংঘর্ষের সৃস্টি হয়। 

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটেছে। এসময় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন।

সংঘর্ষে সভাপতিসহ ৫ জন আহত হওয়ার দাবি করেছে ছাত্রশিবির। 

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম বলেন, তারা বুধবার সকালে ‘অদম্য জুলাই’ মিছিল বের করেন। মিছিলটি ৪ নম্বর ভিসি গেট পর্যন্ত গেলে ছাত্রদল হামলা চালায়। তাদের মিছিলে কোনো বহিরাগত ছিলেন না। ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহিরাগত ঢুকিয়ে পরিকল্পিতভাবে এটি করেছে। হামলায় বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মনিরুল ইসলাম, আল আমিন, হাফিজুর রহমান, শাহিনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘শিবির ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য বহিরাগতদের নিয়ে মিছিল করতে চেয়েছিল। ছাত্রদল তাদের প্রতিরোধ করে বের করে দিয়েছে। উপাচার্যকে জানানো হয়েছে, ক্যাম্পাসে কোনো গুপ্ত সংগঠন থাকতে পারবে না।’

বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে তিনিসহ বিপুলসংখ্যক পুলিশ সেখানে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত