পেঁপে চাষে সফল পাঁচবিবির মোতালেব

কাঁচা কিংবা পাকা, দুই অবস্থাতেই পেঁপের রয়েছে ব্যাপক চাহিদা। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফল মানুষের খাদ্যতালিকায় যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষকের জন্যও এটি হতে পারে লাভজনক ফসল। কম খরচে তুলনামূলক ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় পেঁপে চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের কৃষক মোতালেব হোসেন পেঁপে চাষে সফলতার মুখ দেখছেন।

সীমান্তবর্তী তাজপুর গ্রামের মৃত কলিমউদ্দিনের ছেলে মোতালেব হোসেন গত বছর পরীক্ষামূলকভাবে বিদেশি জাতের ‘শাহী’ পেঁপের ১০০টি চারা রোপণ করেন। প্রথম বছরেই ভালো ফলন পাওয়ায় তাঁর আগ্রহ ও আত্মবিশ্বাস বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় চলতি বছর আড়াই বিঘা জমিতে প্রায় ৮০০টি পেঁপের চারা রোপণ করেছেন তিনি।

মোতালেব জানান, অনলাইনের মাধ্যমে বগুড়া ও পঞ্চগড় থেকে প্রায় ৫০ দিন বয়সী পেঁপের চারা সংগ্রহ করে জমিতে রোপণ করেন তিনি। নিয়মিত পরিচর্যা, সার ও প্রয়োজনীয় বালাইনাশক প্রয়োগের ফলে চারা রোপণের প্রায় সাড়ে পাঁচ মাসের মধ্যেই গাছে গাছে পেঁপে ধরতে শুরু করে। বর্তমানে তাঁর বাগানের অধিকাংশ গাছই ফলে ভরে উঠেছে।

তিনি বলেন, প্রতিটি গাছে এক মণ থেকে আড়াই মণ পর্যন্ত পেঁপে ধরেছে। গত বছর তাঁর বাগানের কোনো কোনো পেঁপের ওজন সাত কেজি পর্যন্ত হয়েছিল। তবে চলতি বছর অতিরিক্ত বৃষ্টির কারণে পেঁপের আকার কিছুটা ছোট হয়েছে এবং ফলনও তুলনামূলক কম হয়েছে।

পেঁপে চাষের সুবিধা সম্পর্কে মোতালেব হোসেন বলেন, ‘ধান, পাট, গম ও ভুট্টা চাষে যে পরিমাণ খরচ হয়, তার তুলনায় পেঁপে চাষে খরচ অনেক কম। গাছে পেঁপে পাকতে শুরু করলে বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়া যায়। তাই পেঁপে চাষে আমি বেশ আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘গত বছর অল্প জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছি। এবার জমির পরিমাণ বাড়িয়েছি। কৃষি অফিস ও সরকার যদি আমাদের মতো চাষিদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেয়, তাহলে আরও বড় পরিসরে পেঁপে চাষ করতে পারব।’

স্থানীয় কৃষকেরা জানান, কাঁচা পেঁপে সবজি হিসেবে এবং পাকা পেঁপে ফল হিসেবে ব্যবহৃত হওয়ায় সারা বছরই এর চাহিদা রয়েছে। ফলে পেঁপে চাষ করে কৃষকেরা তুলনামূলক কম খরচে ভালো আয় করতে পারেন।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন বলেন, ‘আমরা কৃষি অফিস থেকে চাষিদের সব ধরনের সহযোগিতা, পরামর্শ এবং সরকারি অনুদান দিয়ে আসছি। পাকা পেঁপে ফল হিসেবে এবং কাঁচা পেঁপে সবজি হিসেবে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। এটি ভিটামিন এ ও প্যাপেইন এনজাইমসমৃদ্ধ একটি ফল। উৎপাদন খরচ কম হওয়ায় পেঁপে চাষ বেশ লাভজনক।’

তিনি আরও বলেন, ‘ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা পেঁপে চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারেন। পরিকল্পিতভাবে পেঁপে চাষ করলে এ অঞ্চলের কৃষকেরা আরও ভালো ফলন ও আয় করতে পারবেন।’