আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৭:০২ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বনপাড়া পৌর বিএনপির তিন নেতা-কর্মীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিন নেতার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক ওই তিন নেতা হলেন, বনপাড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ফকির (৫৭), পৌর কৃষক দলের সভাপতি মমতাজউদ্দিন শেখ (৫৫) ও পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আকতার হোসেন (৫২)।

তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত বিএনপি কর্মী আসলাম শেখ (৫০)-কে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম মৃধা (৫০), যুবদল কর্মী নাজমুল (৩৫) ও সোহেল (৪৮)-কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে হোসেন আলী ফকিরসহ ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া করেন। এরপর দুপুর ১২টার দিকে বনপাড়া বাইপাসের পাবনা কাউন্টারের সামনে একটি চায়ের দোকানে হোসেন আলী ফকিরসহ বেশ কয়েকজন বিএনপি নেতা-কর্মী বসে চা পান করছিলেন। এ সময় প্রতিপক্ষের ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে হোসেন আলী ফকিরসহ তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীর ওপর একযোগে হামলা চালান। এতে সাতজন নেতা-কর্মী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হামলাকারীরা একই সময় একটি চায়ের দোকান ও পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর করেন।

ঘটনার পর বনপাড়া পৌর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পৌর শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

MCH
আরও পড়ুন