নাটোরের লালপুরে ফসলি জমির মাটি অবৈধভাবে পরিবহনের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানে ৬টি ড্রাম ট্রাক জব্দ এবং ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) এস.এম গোলাম মোর্শেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের মঞ্জিলপুকুর এলাকায় বটতলা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাম ট্রাকযোগে অবৈধভাবে ফসলি জমির মাটি পরিবহনকালে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মুন্না (২৬), মো. বকুল ইসলাম (৩৫), মো. সজল (২৬), মো. রিফাত (২২), মো. কলিন্স (২২), মো. জিসান (২৩) (সকলের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকায়) এবং মো. সাকিব (২২) ও মো. খেজের আলী (৫৬) (লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ভুইয়াপাড়া এলাকায়)।
এ সময় ঘটনাস্থল থেকে অবৈধ মাটি পরিবহনে ব্যবহৃত ৬টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। পরে এ ঘটনায় লালপুর থানায় মামলা নং-৩২, তারিখ ২৮ আগস্ট ২০২৬, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মামলা রুজু করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে পরিবহন পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’