দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায় বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) সঙ্গে বিয়ে হয়েছে চীনা নাগরিক পংফংয়ের (৩৭)।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে বাংলাদেশে এসে রাইসাকে বিয়ে করেন তিনি। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন মোহাম্মদ আলী।
ঘটনাটি জানাজানি হওয়ার পর নবদম্পতিকে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পংফং ও রাইসা মাঠপাড়ার বাড়িতে আসেন।
পরিবারের সদস্যরা জানায়, এর আগে ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নেন এবং রাইসাকে বিয়ে করেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পংফং চীনের হুবেই প্রদেশের বাসিন্দা। তিনি পেশায় গার্মেন্টস বায়ার। তার বাবার নাম ফাংলে জুন এবং মায়ের নাম শিয়ান চিং। অন্যদিকে রাইসা আক্তার হিলির মাঠপাড়া এলাকার রিয়াজুল হকের মেয়ে। তিনি ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করেন।
রাইসা আক্তার জানান, ঢাকায় গার্মেন্টসে চাকরির সুবাদে পংফংয়ের এক চাচার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তিনি চীনে গিয়ে বিয়ে করার ইচ্ছার কথা ওই ব্যক্তিকে জানান। পরে তিনি তার ভাতিজা পংফংয়ের সঙ্গে রাইসার পরিচয় করিয়ে দেন। এরপর মোবাইল ফোনে তাঁদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
রাইসা বলেন, তিনি পংফংকে বিয়ের প্রস্তাব দিলে তিনি সম্মতি দেন। তাকে বিয়ে করতেই ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম নেন। এরপর তারা বিয়ে করেন। বিয়েতে পরিবারের সদস্য ও এলাকাবাসী আনন্দিত বলে জানান রাইসা।
রাইসার নানা বলেন, তার নাতনি ঢাকায় থাকেন। সেখানেই চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তারা একে অপরকে পছন্দ করে বিয়ের সিদ্ধান্ত নেন। পংফং বাংলাদেশে এসে তার নাতনিকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে আসার পর পরিবারের সবাই আনন্দিত।