গাজীপুরের কাপাসিয়া বাজারে নিত্যপ্রয়োজনীয় সবজির চড়া দামে অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজিই বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। এর মধ্যে সিম, কাঁচামরিচ ও গাজরের দাম সবচেয়ে বেশি।
কাপাসিয়া বাজারে প্রতি কেজি সিম ২০০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, টমেটো ৯০ টাকা, বেগুন ৮০ টাকা, উচ্ছে ৭০ টাকা, মুখী কচু ও পটল ৬০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, শসা ৪০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার করতে আসা এক ক্রেতা বলেন, প্রতিদিনই কোনো না কোনো সবজির দাম বাড়ছে। অল্প কয়েক ধরনের সবজি কিনতেই বড় অঙ্কের টাকা খরচ হয়ে যাচ্ছে। আয় না বাড়লেও বাজার খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
আরেক ক্রেতা বলেন, সিমের কেজি ২০০ টাকা হওয়ায় সাধারণ পরিবারের জন্য এটি কেনা কঠিন হয়ে পড়েছে। একই সঙ্গে কাঁচামরিচ, গাজর ও টমেটোর দামও বেশি। ফলে প্রয়োজনের তুলনায় কম সবজি কিনেই বাড়ি ফিরতে হচ্ছে।
এক নারী ক্রেতা জানান, আগে যে পরিমাণ সবজি কেনা সম্ভব হতো, এখন একই টাকায় তার অর্ধেকও পাওয়া যাচ্ছে না। সংসারের অন্যান্য খরচের সঙ্গে বাড়তি বাজার ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।
ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে নিয়মিত তদারকি প্রয়োজন। পাইকারি ও খুচরা পর্যায়ে দামের ব্যবধান এবং মূল্য নির্ধারণের বিষয়টি নজরদারির আওতায় আনা হলে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমানো সম্ভব হতে পারে বলে মনে করছেন তারা।
তবে ব্যবসায়ীদের দাবি, সবজির দাম মূলত সরবরাহ ও চাহিদার ওপর নির্ভরশীল। মৌসুমি উৎপাদন কমে গেলে বা বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিলে কিছু সবজির দাম বেড়ে যায়। আবার সরবরাহ বাড়লে দামও কমে আসে।
শিশুর আঙুল কেটে দেওয়ার মামলায় পুলিশ কনস্টেবল ও স্ত্রী কারাগারে
চাঁদপুরে লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩