মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগ, আটক ৩

সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজারসংলগ্ন একটি পুরনো মসজিদ থেকে ঐতিহাসিক পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জেলহক (৪৭) ও তুলি পারভীন (৩৬)।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজারের পাশে একটি পুরনো মসজিদ রয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখান থেকে ঐতিহাসিক কিছু পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহভাজন তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পুরনো মসজিদ ও মাজার এলাকার বিভিন্ন স্থাপনা ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এসব স্থাপনার অংশবিশেষ বা পুরনো নিদর্শন যাতে চুরি বা ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর বলেন, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। চুরি হওয়া ঐতিহাসিক পাথর উদ্ধার এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুশরাত জাহান জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।