গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ দম্পতির মৃত্যু

নওগাঁর সাপাহারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ এক দম্পতির মৃত্যু হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়। পরে বাড়িতে ফিরে মারা যান স্ত্রীও। মৃত দম্পতি হলেন- সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামের সোলায়মান আলী (৬৫) ও তার স্ত্রী আফরোজা বেগম (৬২)।

গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল জ্বালাতে রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালান আফরোজা বেগম। এ সময় রান্নাঘরে থাকা এলপিজি সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে দগ্ধ হন তিনি। স্ত্রীর চিৎকার শুনে তাকে বাঁচাতে রান্নাঘরে ছুটে যান সোলায়মান আলী। এ সময় তিনিও দগ্ধ হন।

স্বজনরা রাতেই দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে সোলায়মান আলী মারা যান। পরে তার মরদেহের সঙ্গে দগ্ধ আফরোজাকেও গ্রামের বাড়িতে নেওয়া হয়। ওই রাতেই সোলায়মান আলীকে দাফন করেন স্বজনরা। পরদিন ২২ নভেম্বর সকালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফরোজা বেগম।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।