সংস্কার ও পরিচর্যার অভাবে ধ্বংসের পথে পৌর মিনি শিশু পার্ক

রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের অভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর মিনি শিশু পার্কটি এখন প্রায় বিলিনের পথে। শিশুদের বিনোদনের জন্য তৈরি করা রাইডগুলো ভেঙে ও মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে পৌর শহরে শিশুদের জন্য একমাত্র বিনোদন কেন্দ্রটি হারাতে বসেছে তার আকর্ষণ। ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ।

বুধবার (১ জুলাই) পার্কে গিয়ে দেখাযায়, পার্কের ভেতর গাছের নিচে জরাজীর্ণ পরিবেশ, মাটিতে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা শুকনো পাতা ও ময়লা। শিশুদের খেলার জন্য তৈরি করা হলুদ রঙের মূল স্পাইরাল স্লিপার-স্লাইডটি ভেঙে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। পাশের স্টিলের অন্য একটি স্লাইডও ব্যবহারের অনুপযোগী ও দুমড়ে-মুচড়ে গেছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকার শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র এই মিনি শিশু পার্কটি।

অথচ দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় পার্কটি এখন যেন এক পরিত্যক্ত ময়লার ভাগাড়। শিশুদের আনন্দ দেওয়ার জন্য বসানো দোলনা, স্লিপার ও বসার আসনগুলো আজ ভাঙাচোরা এবং ব্যবহার অযোগ্য হয়ে পরেছে।

স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম বলেন, পৌর শহরে বাচ্চাদের ঘোরার মতো আর কোনো জায়গা নেই। বাধ্য হয়ে এখানে নিয়ে আসি, কিন্তু পার্কের ভেতরের স্লাইড আর রাইডগুলো সব ভেঙে পড়ে আছে। বাচ্চাদের এখানে ছেড়ে দিতে ভয় লাগে, কখন যেন কেটে-কুটে যায়।

শিশু জমিমা নূসরাত সারা বলেন, এখানে এসে দোলনায় দুলতে পারি না, স্লিপারটাও ভাঙা। আমাদের খেলতে খুব কষ্ট হয়। 

স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকি ও সদিচ্ছার অভাবেই পার্কটি আজ এই অবস্থায় এসে পৌঁছেছে। অতি দ্রুত যদি এই পৌর মিনি পার্কটির সংস্কার ও আধুনিকায়ন করা না হয়, তবে অচিরেই এটি পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। শহরের শিশুদের সুপ্ত মেধা ও মানসিক বিকাশের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।