গোবিন্দগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধারের দাবি করেছে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাখাহার ইউনিয়নের জিড়াই গ্রামের কোগারিয়া-জিড়াই পাকা সড়কে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন এনামুল হক (৫০), আলিপ হোসেন (২২) ও সরজিনা আক্তার (৩০)। বিজিবির দাবি, তাঁদের কাছ থেকেই মূর্তি দুটি উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা মূর্তির মধ্যে একটি বিষ্ণুমূর্তি। এর ওজন ১৬ দশমিক ৮৭ কেজি এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। অপরটি কষ্টিপাথর সদৃশ একটি বস্তু, যার ওজন ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।

বিজিবির দাবি, মূর্তি দুটি ভারতে পাচারের উদ্দেশ্যে ঘটনাস্থলে নেওয়া হয়েছিল। এ সময় অভিযান চালালে তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক এজাহার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত