ফুলবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

ভক্তি, উৎসব আর ধর্মীয় আবেগের মিলনমেলায় দিনাজপুরের ফুলবাড়ীতে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চল থেকে আগত প্রায় তিন হাজার ভক্তপ্রাণ নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক বর্ণিল মিলনমেলায়।

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে দুপুর ২টায় ঐতিহ্যবাহী শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণ থেকে খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে রথযাত্রার শুভ সূচনা হয়। ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা রশি ধরে রথ টেনে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে রথটি স্থাপন করা হয়।

রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা, গীতা পাঠ, ভক্তিমূলক সংগীত পরিবেশন এবং মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে নারী-পুরুষ ও শিশুদের উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।

ফুলবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় হাজার হাজার সনাতন সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেন। ছবি- খবর সংযোগ

ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়প্রকাশ গুপ্ত এবং শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক বলেন, রথযাত্রা আমাদের ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বহু বছরের ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। প্রতিবছরের মতো এবারও বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতি প্রমাণ করে এই উৎসবের প্রতি মানুষের ভালোবাসা ও আন্তরিকতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, উপজেলার বিভিন্ন গ্রাম এবং আশপাশের উপজেলা থেকে হাজারো ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সবার উৎসাহ ও ধর্মীয় অনুভূতি ছিল অসাধারণ। প্রশাসন, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের সমন্বিত প্রচেষ্টায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

ফুলবাড়ীতে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

রথযাত্রায় অংশ নেওয়া তরুণী ভক্ত সুর্বণা রায়, বিথী রায় ও মেঘা গুপ্তা বলেন, সারাবছর আমরা এই দিনের অপেক্ষায় থাকি। রথ টানার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এত মানুষের সঙ্গে একসঙ্গে ভক্তিভরে এই আয়োজনে অংশ নিতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের।

ফুলবাড়ীর প্রবীণ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চান্দাবলেন, ফুলবাড়ীর রথযাত্রা শতবর্ষের ঐতিহ্যকে ধারণ করে চলছে। ধর্মীয় এই আয়োজন শুধু সনাতন সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ্ বলেন, উৎসবকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। রথযাত্রা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভক্তদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুরো অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আগামী সাত দিন পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথ ফুলবাড়ী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির থেকে পুনরায় শ্রীশ্রী কেন্দ্রীয় শিব মন্দিরে নেওয়া হবে। সেখানে পূজা, ভক্তিকীর্তন ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রথ পুনঃপ্রতিষ্ঠা করা হবে।