ছোট ভাইকে দল থেকে বহিষ্কারের দাবি জানালেন এমপি বাবুল

দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ছোট ভাইকে দল থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন সময় অন্য দলের স্বার্থে কাজ করার অভিযোগ তোলেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে সংসদ সদস্য বাবুল ছোট ভাই জাহাঙ্গীর আলমের বিতর্কিত ভূমিকা উল্লেখ করে দল থেকে বহিষ্কারের দাবী জানান। তার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল এমপি বলেন, যারা ধানের শীষে ভোট করবে না, অথচ বিএনপির নাম মুখে নেবে, তাদের আমরা বরদাশত করব না।

এমপি বাবুল বলেন, যার মধ্যে রাজনৈতিক শিষ্টাচার ও আদব-কায়দা নেই, সে কখনও প্রকৃত নেতা বা জনপ্রতিনিধি হতে পারে না। দলবিরোধী কর্মকাণ্ডের জন্য অনতিবিলম্বে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে দল থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় সাধারণ নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের রাজনৈতিক ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমপি বাবুল বলেন, সে জাতীয় পার্টির সাবেক এমপির কাছ থেকে গাড়ি উপহার নেয়, আবার কখনও জামায়াতের সঙ্গে জোট বাঁধে। আসলে তার উদ্দেশ্য কী, তা আগে স্পষ্ট করা উচিত। যারা এ অঞ্চলের উন্নয়ন আটকে দিতে চায় এবং চক্রান্ত করতে চায়, তাদের প্রতিহত না করলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমে বলেন, কালীগঞ্জে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ষড়যন্ত্র কখনোই করতে দেওয়া হবে না। প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ অবহেলিত হচ্ছে। শেখ হাসিনাকে সরাতে ১৮ বছর লেগেছে,  সেভাবেই এই ষড়যন্ত্রকারীকে সরিয়ে দেওয়া হবে।

সমাবেশে জেলা ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।