কুয়েতের রাজধানীতে একটি আবাসিক কমপ্লেক্সে ইরানি ড্রোন হামলায় আগুন ধরে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
কুয়েতের সরকারি সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, রাজধানী গভর্নরেটের একটি আবাসিক কমপ্লেক্সে আগুনের সূত্রপাত হয়। দেশটির ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল-ঘারিবের বরাত দিয়ে কুনা জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আল-ঘারিবের ভাষ্য অনুযায়ী, কমপ্লেক্সটিতে একটি ‘শত্রু ড্রোন’ আঘাত হানার পর আগুনের সূত্রপাত হয়। কুয়েতি কর্তৃপক্ষ ঘটনাটিকে ইরানের হামলার অংশ হিসেবে বর্ণনা করেছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলার মধ্যে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকি মোকাবিলায় সক্রিয় রয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে তারা কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালিয়েছে। তবে হামলার লক্ষ্য ও ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানি ও কুয়েতি বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে।
কুয়েতে আবাসিক এলাকায় ড্রোন আঘাতের এই ঘটনা নতুন করে বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। তবে সর্বশেষ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছে কুয়েত কর্তৃপক্ষ।
বেলুচিস্তানে হামলা-পাল্টা অভিযান, নিহত ২৭
আনন্দবাজার পত্রিকা অফিসে হামলা
ইরানে সমাবেশে গাড়ির ধাক্কা, নিহত ৪